ভয়াবহ বিপর্যয়, ফেসবুকের দর কমল ৫৮ বিলিয়ন ডলার
ভয়াবহ বিপর্যয়ে পড়েছে ফেসবুক। পাঁচ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজে লাগানোর অভিযোগের পর এক সপ্তাহে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দর কমে গেছে ৫৮ বিলিয়ন ডলার। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছেন না। এই ঘটনায় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমটির ক্ষতি কোন মাত্রায় গিয়ে ঠেকবে তা নিয়ে শঙ্কিত অনেকে। গত সোমবার ফেসবুকের শেয়ারের দাম ছিল ১৭৬ দশমিক ৮০ ডলার, সেই শেয়ারের মূল্য শুক্রবার রাতে নেমেছে ১৫৯ দশমিক ৩০ ডলারে। ভিত্তিমূল্য ৩৮ ডলার ধরে ২০১২ সালে আইপিও ছাড়ে ফেইসবুক, তাতে কোম্পানিটির বাজারমূলধন হয় ১০৪ বিলিয়ন ডলারের কাছাকাছি। এরপর ধারাবাহিকভাবে গ্রাহক বৃদ্ধি এবং ডিজিটাল বিজ্ঞাপন বাজারে শক্ত অবস্থানে রাজস্ব আসতে থাকায় ফেসবুকের শেয়ারের দাম বাড়তে থাকে, যা গত ফেব্রুয়ারিতে গিয়ে দাঁড়ায় ১৯০ ডলারে। ফেসবুকের ইতিহাসে এই সপ্তাহকে একটি ‘বিপর্যয়ের অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করছেন যুক্তরাজ্যের বিস্ট্রলভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হারগ্রেভস ল্যানসডাউনের জ্যেষ্ঠ বিশ্লেষক লেইথ খালাফ। তিনি বিবিসিকে বলেন, ...